রাজধানীর বনানীতে প্রায় ৫৭ লাখ টাকার জাল নোট দিয়ে স্বর্ণালংকার কেনার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার মো. রুবেল আহম্মেদ ফকিরকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন। এর আগে বনানী থানার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. জুম্মান খান আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় রুবেলের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে বনানী সুপার মার্কেটের ‘মনিমালা জুয়েলার্সে’ ভাগ্নির বিয়ের জন্য স্বর্ণ কিনতে যান রুবেল ও তার সহযোগী আব্দুল্লাহ আল কাফি। তারা দোকান থেকে প্রায় ২০ থেকে ২১ ভরি স্বর্ণালংকার পছন্দ করেন।
পরে বিল পরিশোধের সময় রুবেল তার সঙ্গে থাকা ট্রলি ব্যাগ থেকে এক হাজার টাকা মূল্যমানের নোটের বান্ডিল বের করেন। নোটগুলো দেখে দোকানের কর্মীদের সন্দেহ হলে পরীক্ষা করে সেগুলো জাল বলে শনাক্ত করা হয়। বিষয়টি বুঝতে পেরে রুবেল ও কাফি পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়দের সহায়তায় রুবেলকে আটক করা হলেও কাফি পালিয়ে যান।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুবেলকে আটক করে। তার কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের ৫৮টি বান্ডিলে থাকা মোট ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোট ও একটি ট্রলি ব্যাগ জব্দ করা হয়।
এ ঘটনায় জুয়েলার্সের ম্যানেজার মো. শহিদুল ইসলাম বাদী হয়ে রুবেল ও তার সহযোগীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বনানী থানায় মামলা করেন।
তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, জাল নোটের উৎস, সরবরাহকারী এবং এর সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করতে রুবেলকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। পুলিশের তথ্য অনুযায়ী, রুবেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় জাল টাকা, প্রতারণা, মানিলন্ডারিং ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনসহ ১৬টি মামলা রয়েছে।