নিখোঁজের ১৮ দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ঢাকার দোহারের দুই বছরের শিশু মোহাম্মদ তোহা আদনানের। গত ২৩ জুলাই সকাল ৯টার দিকে উপজেলার অরঙ্গবাদ গ্রামে দাদাবাড়ির গেটের সামনে থেকে নিখোঁজ হয় শিশুটি। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে মায়ের সঙ্গেই ছিল আদনান। মা খাবার আনতে ঘরের ভেতরে গেলে খেলতে খেলতে উঠানে আসে সে। একপর্যায়ে বাড়ির গেটের বাইরে চলে যায়। কয়েক মিনিট পর মা ফিরে এসে তাকে আর দেখতে পাননি। এরপর পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজ শুরু করলেও শিশুটির সন্ধান মেলেনি।
গত ১০ জুলাই মহররমের ছুটিতে বাবা-মায়ের সঙ্গে দাদাবাড়ি অরঙ্গবাদে বেড়াতে এসেছিল আদনান। এর ১৩ দিন পরই নিখোঁজ হয় সে। অভি হোসেন ও তোহরা ইসলাম দম্পতির একমাত্র সন্তান আদনানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা।
শিশুটির বাবা অভি হোসেন জানান, কারও সঙ্গে তার কোনো শত্রুতা নেই এবং কাউকে তিনি সন্দেহও করতে পারছেন না। তবে বাড়ির সামনের নদীর ঘাটে থাকা এক ব্যক্তি ওই সময় একটি অটোরিকশায় বোরকা পরা তিন নারীকে যেতে দেখেছেন বলে তাকে জানিয়েছেন। তবে ওই অটোরিকশায় কোনো শিশু ছিল কি না, তা নিশ্চিত করতে পারেননি ওই ব্যক্তি।
ঘটনার পরপরই দোহার পুলিশ ফাঁড়িতে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তদন্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, শিশুটি নদীতে পড়ে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ জন্য নৌকা নিয়ে আশপাশের এলাকায় খোঁজ করা হলেও এখন পর্যন্ত শিশুটির সন্ধান পাওয়া যায়নি। পাশাপাশি আশপাশের অন্যান্য থানায়ও নিখোঁজ শিশুটির বিষয়ে জানানো হয়েছে।
সিসিটিভি ক্যামেরার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় শিশুটিকে খুঁজে বের করতে তদন্তে জটিলতা তৈরি হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা। তার দাবি, বাড়ি থেকে দূরের কয়েকটি স্থানের সিসিটিভি ফুটেজ দেখা হয়েছে। ফুটেজ সংগ্রহের বিষয়ে পরিবারের সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান তিনি।
তবে সিসিটিভি ফুটেজ সংগ্রহ পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে কি না—এমন প্রশ্নের জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, দোহার পুলিশ ফাঁড়িতে কম্পিউটার অপারেটর না থাকায় এ ক্ষেত্রে পরিবারের সহযোগিতা চাওয়া হয়েছে।
এদিকে শিশুটির বাবা অভিযোগ করেছেন, পুলিশকে একাধিকবার ফোন করেও আশানুরূপ সহযোগিতা পাচ্ছেন না তারা। দীর্ঘ ১৮ দিন ধরে সন্তানকে না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে তাদের। সন্তানকে ফিরে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।
কেউ শিশু মোহাম্মদ তোহা আদনানের সন্ধান পেলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ: ০১৯৮৭৮৮২৫৭৫।