ভোলার চরফ্যাশনে ১৫ দিনের ছুটি নিয়ে নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ না দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে। ছুটি শেষ হওয়ার পরও অতিরিক্ত সাত দিন অনুপস্থিত থাকার পর তিনি কর্মস্থলে যোগ দিয়েছেন বলে জানা গেছে।
অভিযুক্ত শঙ্কর কৃষ্ণ দাস চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সূত্রে জানা যায়, তিনি গত ১২ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত মোট ১৫ দিনের শ্রান্তি বিনোদন ছুটি নেন। তবে ছুটি শেষ হওয়ার পর ২৬ জুলাই কর্মস্থলে যোগ না দিয়ে ২ আগস্ট অফিসে উপস্থিত হন। ফলে ১৫ দিনের ছুটি নিয়ে মোট ২২ দিন পর তিনি কর্মস্থলে যোগ দেন।
ছুটি শেষে নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ না দেওয়ায় তার অতিরিক্ত সাত দিনের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি চাকরিতে অনুমোদিত ছুটি শেষ হওয়ার পর নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ দেওয়ার নিয়ম থাকলেও তিনি তা করেননি বলে অভিযোগ রয়েছে।
অভিযোগের বিষয়ে শঙ্কর কৃষ্ণ দাস বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না এবং সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেন।
চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সার্জন ডা. রাজন জানান, শঙ্কর কৃষ্ণ দাস ১৫ দিনের ছুটি নিয়ে নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ দিতে পারেননি। বিষয়টি জানতে চাইলে তিনি পাইলসের চিকিৎসা নেওয়ার কারণে সময়মতো কাজে যোগ দিতে পারেননি বলে জানিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে বলেও জানান তিনি।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খাঁন বলেন, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের প্রমাণ পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।