লাদাখে নতুন ছবি ‘দেশু সাত’-এর গানের শুটিং শেষ করে শুক্রবার দুপুরে কলকাতায় ফিরেছেন অভিনেতা দেব। শুটিংয়ে তার সঙ্গে ছিলেন ছবির নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে শহরে ফিরেই বিশ্রামে না গিয়ে সেদিন রাতেই হাসপাতালে ছুটে যান দেব। সেখানে ভর্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি।

মিঠুন চক্রবর্তী ও দেবের সম্পর্ক দীর্ঘদিনের। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তাদের ব্যক্তিগত সম্পর্কে এর কোনো প্রভাব পড়েনি। হাসপাতাল থেকে বেরিয়ে দেব বলেন, মিঠুনদা যে রাজনৈতিক দলেই থাকুন না কেন, তার কাছে তিনি সবসময় বাবার মতোই থাকবেন।

মিঠুনের দ্রুত সুস্থতা কামনা করে দেব জানান, তিনি দ্রুত কাজের জগতে ফিরে আসুন—এটাই তার প্রত্যাশা। ভবিষ্যতেও মিঠুনের সঙ্গে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন এই অভিনেতা।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও মিঠুনের সঙ্গে একটি ছবি শেয়ার করে তার দ্রুত আরোগ্য কামনা করেন দেব। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং কয়েকটি সিনেমা ঘিরে তৈরি হওয়া বিতর্ক তাদের ব্যক্তিগত সম্পর্কে কোনো প্রভাব ফেলেনি বলেও স্পষ্ট হয়েছে।

এর আগে ‘প্রজাপতি’ ও ‘প্রজাপতি ২’ সিনেমায় একসঙ্গে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন দেব ও মিঠুন চক্রবর্তী। তাদের জুটিও বক্স অফিসে সাড়া ফেলেছিল।

এদিকে ডান হাতের পুরোনো চোটের কারণে সেখানে বসানো প্লেট খুলতে গত বৃহস্পতিবার মিঠুন চক্রবর্তীর ছোট একটি অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তিনি কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসায় তিনি ভালো সাড়া দিচ্ছেন এবং তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।