অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। একটি বেসরকারি হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
শুক্রবার সকালে অভিনেতাকে দেখতে হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ সময় তার সঙ্গে ছিলেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়সহ আরও অনেকে। হাসপাতালে গিয়ে মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি এবং চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন।
হাসপাতাল থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী বলেন, মিঠুন চক্রবর্তী বাংলার সম্পদ। তার সঙ্গে রাজনৈতিক পরিচয়ের কোনো সম্পর্ক নেই। তিনি জানান, অভিনেতার ছোট একটি অস্ত্রোপচার হয়েছে এবং বর্তমানে তিনি ভালো আছেন।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিঠুন চক্রবর্তীর সঙ্গে সাক্ষাতের ছবিও প্রকাশ করেন শুভেন্দু অধিকারী। হাসপাতাল সূত্র জানিয়েছে, ‘মহাগুরু’র হাতে অস্ত্রোপচার হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী এক-দুই দিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।
উল্লেখ্য, কয়েক বছর আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি নিয়মিত অভিনয়েও সক্রিয় রয়েছেন।