ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় ভারতীয় হেফাজতে থাকা দুই আসামিকে বাংলাদেশে হস্তান্তরের বিষয়ে নতুন তথ্য দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, বিষয়টি আইনি প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট এবং এ নিয়ে তদন্ত চলছে।
হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিষয়টিকে ‘আইনি বিষয়’ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে জানান, এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
এদিকে ব্রিফিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণের বিষয়টিও তুলে ধরেন জয়সওয়াল। তিনি জানান, বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে।
এ ছাড়া আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ সেশন’-এও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান তিনি।