গাজীপুরের শ্রীপুরে রেললাইনে চলন্ত ট্রেনের ধাক্কায় এক তরুণী ও এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ইজ্জতপুর রেলওয়ে স্টেশনের উত্তর আউটার সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোছা. রিনা আক্তার (২৫) ও তার সঙ্গে থাকা আল আমিন। রিনা উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি গ্রামের মো. সিদ্দিক মিয়ার মেয়ে। তিনি স্থানীয় আরবেলা ফ্যাশন কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। আল আমিন স্থানীয় হ্যামস গার্মেন্টসে কর্মরত ছিলেন। তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরের পর থেকে ওই তরুণ-তরুণীকে রেললাইনের আশপাশে হাঁটাহাঁটি ও গল্প করতে দেখা যায়। পরে বিকেলের দিকে রেললাইনের পাশে তাদের পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পুলিশকে জানান।
নিহত রিনা আক্তারের ভাই সুমন জানান, আগের স্বামীর সংসার ছেড়ে এসে আল আমিনকে বিয়ে করেছিলেন তার বোন। বিয়ের পর পরিবারের সঙ্গে তাদের তেমন যোগাযোগ ছিল না। কী কারণে তারা এমন পরিস্থিতির মধ্যে পড়েছেন, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম সিরাজী জানান, বিকেলের দিকে ময়মনসিংহগামী একটি কমিউটার ট্রেনের সামনে ওই তরুণ-তরুণী চলে যান বলে স্থানীয়রা দেখতে পান। পরে ঘটনাস্থলে তাদের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কাজ শুরু করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।