ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়ের বিরুদ্ধে করা বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নিয়েছেন তার স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গম।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতের শুনানিতে অংশ নিয়ে মামলা প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান সঙ্গীতা। পরে আদালত আনুষ্ঠানিকভাবে মামলাটি বাতিল ঘোষণা করেন।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তামিলনাড়ুর চেঙ্গালপট্টুর পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সঙ্গীতা। আবেদনে তিনি দাম্পত্য মতপার্থক্যকে বিচ্ছেদের কারণ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি স্থায়ী ভরণপোষণ এবং চেন্নাইয়ের নীলাঙ্কারাইয়ে অবস্থিত বাড়িতে বসবাসের অনুমতিও চেয়েছিলেন তিনি।
মামলার শুনানি একাধিকবার পিছিয়ে যায়। গত ১৫ জুন সঙ্গীতা মামলা প্রত্যাহারের ইচ্ছার কথা জানালে আদালত পরবর্তী শুনানির দিন ৭ আগস্ট নির্ধারণ করেন। পরে উভয় পক্ষের আইনজীবীরা ব্যক্তিগত উপস্থিতির অসুবিধার কথা জানালে শুনানি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সঙ্গীতার আনুষ্ঠানিক আবেদন প্রত্যাহারের পর আদালত মামলাটি বাতিল করেন।
উল্লেখ্য, থালাপতি বিজয় ও সঙ্গীতা সোর্নালিঙ্গম ১৯৯৯ সালের ২৫ আগস্ট চেন্নাইয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
২০২৩ সালে বিজয়ের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সঙ্গীতার অনুপস্থিতির পর তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ২০২৫ সালে টিভিকের রাজনৈতিক কার্যক্রমেও তাকে কম দেখা যাওয়ায় সেই আলোচনা আরও বাড়ে। তবে বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহারের ঘটনায় সেই জল্পনার অবসান হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।