জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে স্ত্রীর হাতে থাকা একটি ভ্যানিটি ব্যাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
গত ৫ আগস্ট মুনসুন কালচারাল অ্যালায়েন্সের আয়োজনে অনুষ্ঠিত ওই কনসার্টে স্ত্রীকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন আসিফ মাহমুদ। সেখানে তার স্ত্রীর হাতে থাকা ব্যাগটির দাম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। কেউ কেউ ব্যাগটির দাম ৫ লাখ থেকে ৬ লাখ টাকা বলে দাবি করেন।
আওয়ামীপন্থি অ্যাক্টিভিস্ট ডাক্তার আইজুদ্দিন ওই ছবি পোস্ট করে দাবি করেন, আসিফ মাহমুদের স্ত্রীর হাতে থাকা ব্যাগটির দাম ৬ লাখ টাকা। অন্যদিকে, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাংগঠনিক সম্পাদক আসিফ সৈকতও ছবিটি পোস্ট করে ব্যাগটির দাম নিয়ে মন্তব্য করেন। পরে তিনি তার পোস্টটি সরিয়ে নেন।
এদিকে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্টের যাচাইয়ে দাবি করা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ওই ব্যাগটির প্রকৃত দাম ১ হাজার ৫৮০ টাকা। অর্থাৎ ব্যাগটির দাম ৫ বা ৬ লাখ টাকা নয়।
ব্যাগের দাম নিয়ে ছড়িয়ে পড়া এসব দাবির পর বিষয়টি নিয়ে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন আসিফ মাহমুদ। নিজের ফেসবুক পোস্টে তিনি আলোচিত ব্যাগটি নিলামে তোলার ইচ্ছার কথা জানান। তিনি লেখেন, যারা ব্যাগটির দাম ৬ লাখ টাকা বলে গুজব ছড়িয়েছেন, তাদের কেউ নিতে চাইলে আরও কম দামে দিয়ে দেবেন। পাশাপাশি তিনি দাবি করেন, গুজব ও প্রোপাগান্ডার মাধ্যমে নিয়মিত তার চরিত্রহনন করা হচ্ছে।
পরে ব্যাগটির ছবি দিয়ে আরেকটি পোস্ট করেন আসিফ মাহমুদ। সেখানে ব্যঙ্গ করে তিনি লেখেন, ‘এই বিখ্যাত ব্যাগটি বিক্রয় করা হবে। ১৫৮০ টাকার ব্যাগ মাত্র ৬ লাখ টাকায়।’ একই পোস্টে গুজব ছড়ানো ব্যক্তিদের জন্য ৮০ শতাংশ ছাড়ের কথাও উল্লেখ করেন তিনি।
আসিফ মাহমুদের এই ব্যঙ্গাত্মক পোস্ট এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।