রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম সায়মন স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এয়ার অ্যাম্বুল্যান্সে করে ঢাকায় পাঠানো হয়েছে।
রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের হোস্টেলসংলগ্ন খেলার মাঠ থেকে তাকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। জরুরি পরিস্থিতিতে দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এ উদ্যোগ নেয়।
জানা গেছে, শনিবার (৮ আগস্ট) রাতে ছাত্রাবাসে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সায়মন। পরদিন সকালে ঘুমের মধ্যে খাট থেকে পড়ে গেলে সহপাঠীরা তাকে দ্রুত রামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।
সায়মনের সহপাঠী সৌরভ জানান, সকালে ঘুমের মধ্যে খাট থেকে পড়ে যাওয়ার পর সায়মনের শরীর শক্ত হয়ে যায়। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়। সিনিয়র ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগের পর তারা সায়মনের স্ট্রোক করার বিষয়টি জানতে পারেন। সহপাঠীদের দাবি, এর আগেও সায়মন দুইবার স্ট্রোক করেছিলেন।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। প্রয়োজনীয় চিকিৎসা ও অস্ত্রোপচারের ব্যবস্থা রাজশাহীতে সম্ভব না হওয়ায় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরই সায়মনের জন্য আইসিইউর ব্যবস্থা করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী জরুরি ভিত্তিতে তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সড়কপথে নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে বিবেচনায় এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে ঢাকায় পাঠানো হয়।
সায়মনের দ্রুত সুস্থতার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সবার কাছে দোয়া চেয়েছেন উপাচার্য।