সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি কর্মীর মৃত্যু হয়েছে। দগ্ধ ও শ্বাসরুদ্ধ হয়ে তারা মারা যান। তবে অগ্নিকাণ্ডের সময় কারখানার বাইরে থাকায় প্রাণে বেঁচে গেছেন এক বাংলাদেশি কর্মী। তার নাম হাবিবুর রহমান।
রোববার (৯ আগস্ট) স্থানীয় সময় দুপুর আনুমানিক ২টার দিকে রিয়াদের শিফা থানার মুসা সানাইয়া শিল্প এলাকায় অবস্থিত একটি সোফা কারখানায় আগুনের সূত্রপাত হয়। বাংলাদেশি কর্মীদের পরিচালিত ওই কারখানায় মোট ১৭ জন কাজ করতেন।
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মুহাম্মদ রেজায়ে রাব্বী জানান, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে চুল কাটানোর জন্য হাবিবুর একটি সেলুনে যান। সেলুন থেকে ফিরে এসে তিনি দেখতে পান, কারখানায় ভয়াবহ আগুন জ্বলছে। এরপর তিনি আর ভেতরে ঢুকতে পারেননি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে রিয়াদের ফায়ার সার্ভিস ও স্থানীয় ফায়ার ফাইটিং ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টার পর রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
উদ্ধারকর্মীদের বরাত দিয়ে জানা গেছে, কারখানার ভেতরে থাকা ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে আটজন আগুনে দগ্ধ হয়ে এবং বাকি আটজন বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। পরে রাত ১১টার দিকে নিহতদের মরদেহ উদ্ধার করে কিং সৌদ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস সূত্র জানিয়েছে, নিহতদের অধিকাংশের বাড়ি নওগাঁ, নাটোর ও রাজশাহী জেলায়। আগুনে মরদেহের পরিচয় শনাক্তে জটিলতা তৈরি হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।
মর্মান্তিক এ ঘটনায় রিয়াদে বাংলাদেশ দূতাবাস গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে নিহতদের পরিবারের পাশে থাকার এবং মরদেহ দেশে ফিরিয়ে আনাসহ প্রয়োজনীয় সহায়তায় কাজ করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।