মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্তে বিএসএফের গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার ভোর ৪টার দিকে সীমান্তের ১৮৪৫ নম্বর ৬৩ এস পিলারের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার মুরইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে। বিজিবি জানায়, ভোররাতে তারা মিয়াসহ ৪-৫ জনের একটি দল আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসিরুদ্দিন পাতার বিড়ি আনতে আলীনগর সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে।
বিজিবির তথ্যমতে, সীমান্তের প্রায় ৫০০ গজ ভেতরে মাগুরুলী এলাকায় পৌঁছালে ১৯৯ ব্যাটালিয়ন বিএসএফের মাগুরুলী ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালান। এতে ঘটনাস্থলেই তারা মিয়ার মৃত্যু হয়। এ সময় সঙ্গে থাকা অন্যরা পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ফিরে এসে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
বিজিবি আরও জানিয়েছে, তারা মিয়ার বিরুদ্ধে কুলাউড়া থানায় একটি মামলাও রয়েছে।
শ্রীমঙ্গল ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, বিএসএফ নিহত যুবকের মরদেহ নিয়ে গেছে। মরদেহ ফেরত আনার বিষয়ে বিএসএফের সঙ্গে বিজিবির আলোচনা চলছে।