সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জের জনপ্রিয় বাউলশিল্পী পেহেলী ভৈরবী। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন, যাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ওসমানীনগর উপজেলার দয়ামীর বাজারসংলগ্ন কাশিকাপন এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আটজন নিহত হন।
পরে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯ জনে।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন সিলেট নগরের সোবহানীঘাট এলাকার সপ্তম রায় প্রীতম (২২), ঢাকার বিক্রমপুরের খোজাইফা (৪), কিশোরগঞ্জের কুলিয়ারচরের ঠিকাদার সাইফুল ইসলাম এবং ভৈরব উপজেলার বাউলশিল্পী পেহেলী ভৈরবী। তারা সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সিলেটে একটি বাউল গানের অনুষ্ঠান শেষে নিজ বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন পেহেলী ভৈরবী।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, দুর্ঘটনায় দুই বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, মোট ১৬ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয় এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়। বর্তমানে একজন রোগী আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে আহতদের দেখতে হাসপাতালে যান সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। তিনি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি নিহত ও আহতদের পরিবারের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন।