চার দিনের সরকারি সফরে আজ রোববার (৯ আগস্ট) সিঙ্গাপুর যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর এটি মন্ত্রিসভার কোনো সদস্যের প্রথম সরকারি সিঙ্গাপুর সফর।
সফরকালে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলকারনিয়ান বিন আবদুল রহিম এবং জনশক্তি বিষয়ক প্রতিমন্ত্রী দিনেশ ভাসু দাশের সঙ্গে বৈঠক করবেন শামা ওবায়েদ ইসলাম। এসব বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সফরের অংশ হিসেবে সিঙ্গাপুরের শীর্ষস্থানীয় বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান পিএসএ ইন্টারন্যাশনাল এবং দেশটির অন্যতম আধুনিক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র টুয়াসওয়ান পরিদর্শন করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সিঙ্গাপুরে বর্তমানে প্রায় দেড় লাখ বাংলাদেশি নাগরিক বসবাস করেন। তারা নিয়মিত বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। প্রবাসী বাংলাদেশিদের এই অবদানের স্বীকৃতি দিতে সিঙ্গাপুরে আয়োজন করা হয়েছে ‘রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে শামা ওবায়েদ ইসলামের।
নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর সিঙ্গাপুরে এটি বাংলাদেশের প্রথম উচ্চপর্যায়ের সরকারি সফর। ফলে দুই দেশের সম্পর্ক জোরদারে সফরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
সফরের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি বন্দর ও লজিস্টিকস, প্রযুক্তি, জনশক্তি এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও সিঙ্গাপুরের সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।