গাইবান্ধার সাঘাটায় নিহত সালাউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
শনিবার (৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, অতি দরিদ্র পরিবারের সন্তান সালাউদ্দিন একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি দখলের প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন।
তিনি লেখেন, গাইবান্ধার সাঘাটার অতি দরিদ্র পরিবারের সন্তান সালাউদ্দিন তাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি দখলের প্রতিবাদ করতে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
জামায়াত আমির অভিযোগ করেন, সরকারি দলের সন্ত্রাসীদের হামলায় সালাউদ্দিনের মৃত্যু হয়েছে। যারা তার জীবন কেড়ে নিয়েছে, তারা কোনোভাবেই তার শোকাহত পরিবারের এই ক্ষতি পূরণ করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, এ ঘটনায় জড়িত সব দুষ্কৃতকারী এখনো গ্রেপ্তার হয়নি। দ্রুত তাদের আইনের আওতায় এনে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
নিহত সালাউদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করে জামায়াত আমির বলেন, আল্লাহ যেন তাকে ক্ষমা করেন, রহম করেন এবং শহীদ হিসেবে কবুল করেন। একই সঙ্গে তার পরিবার, স্বজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন তিনি।
পোস্টের শেষাংশে ডা. শফিকুর রহমান বলেন, দুর্নীতি, দখলদারি ও চাঁদাবাজির বিরুদ্ধে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমেই এ ধরনের ঘটনার প্রতিকার করা সম্ভব।