ছোট পর্দার একসময়ের জনপ্রিয় জুটি খায়রুল বাসার ও সাদিয়া আয়মানকে দীর্ঘদিন ধরে একসঙ্গে পর্দায় দেখা যাচ্ছে না। তাদের অভিনয়ের রসায়নের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্ক নিয়েও দীর্ঘদিন ধরে ছিল নানা গুঞ্জন। এবার সেই সম্পর্কের বিষয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেতা খায়রুল বাসার।

সম্প্রতি এক পডকাস্টে বাসার জানান, প্রায় তিন বছর ধরে সাদিয়া আয়মানের সঙ্গে তার একসঙ্গে কাজ করা হয়নি। তবে বিভিন্ন আলোচনায় বারবার তাদের সম্পর্কের প্রসঙ্গ উঠে আসে। এ ধরনের আলোচনা এড়িয়ে চলতে চাইলেও এবার তিনি স্বীকার করেন, সাদিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল।

সাদিয়ার সঙ্গে পরিচয়ের প্রসঙ্গে বাসার জানান, নাটকের মাধ্যমে নয়, একটি বিজ্ঞাপনের কাজের সূত্রে তাদের প্রথম দেখা হয়। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে যোগাযোগ ও ঘনিষ্ঠতা তৈরি হয়। তবে এখন পেছনে ফিরে তাকালে সেই সম্পর্ককে তিনি কীভাবে দেখেন, তা নিয়েও কিছুটা দ্বিধার কথা জানিয়েছেন অভিনেতা।

এদিকে ২০২৪ সালের মার্চে পরিচালক মাবরুর রশিদ বান্নার একটি নাটকের শুটিং সেটে কোনো অপ্রীতিকর ঘটনার পর তাদের একসঙ্গে কাজ বন্ধ হয়ে যায়—এমন গুঞ্জনও ছিল। তবে বিষয়টি নাকচ করে বাসার জানান, তাদের একসঙ্গে কাজ এর আগেই বন্ধ হয়ে গিয়েছিল। বান্নার সঙ্গে পূর্বের কমিটমেন্ট থাকায় ওই কাজটি শেষ করেছিলেন তিনি, সেটিই ছিল সাদিয়ার সঙ্গে তার শেষ কাজ।

শুটিং সেটে কোনো ঝামেলা হয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে বাসার বলেন, সেখানে কোনো ঝামেলা হয়নি, তারা শুধু কাজ করেছেন।

ব্রেকআপের পরও পেশাগত প্রয়োজনে একসঙ্গে কাজ করা সম্ভব কি না—এমন প্রসঙ্গে বাসার জানান, তাদের ক্ষেত্রে একসঙ্গে কাজ না করাই ভালো। কারণ কাজের সময় দুজনের স্বাভাবিক থাকা প্রয়োজন হলেও তারা সেই পরিবেশ বজায় রাখতে পারেননি।