প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম ও কক্সবাজার সফর ঘিরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সামাজিক যোগাযোগমাধ্যমে নয় দফা নির্দেশনা দিয়েছেন। রোববার (৯ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি প্রধানমন্ত্রীকে ‘কথিত প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

পাটওয়ারী তার পোস্টে বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করার অভিযোগের মধ্যেই তারেক রহমান চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন। সফরকালে জনগণের পক্ষ থেকে কয়েকটি বিষয় গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ জানান তিনি।

চট্টগ্রাম প্রসঙ্গে পাটওয়ারী বলেন, সামান্য বৃষ্টিতেই নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ সমস্যা সমাধান, যানজট নিরসন ও নগরের উন্নয়নে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য মেয়র শাহাদাত হোসেনকে নির্দেশনা দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলেন।

চট্টগ্রামের রাজনৈতিক অভ্যন্তরীণ বিরোধের প্রসঙ্গ তুলে পাটওয়ারী মীর হেলাল ও খসরু গ্রুপের দীর্ঘদিনের দ্বন্দ্ব ও কোন্দল বন্ধে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের পাহাড় কাটা বন্ধে কঠোর নির্দেশ দেওয়ার পাশাপাশি অবৈধ বালু উত্তোলন, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

কক্সবাজার প্রসঙ্গে তিনি সালাহউদ্দিন গ্রুপ ও শহর বিএনপির নেতাদের অভ্যন্তরীণ বিরোধ বন্ধ করে জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানান। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমুদ্রসৈকত ও অন্যান্য পর্যটন এলাকায় অবৈধ ব্যবসা, দখল ও হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন।

টেকনাফে মাদক ও ইয়াবা ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে পাটওয়ারী বলেন, কোনো রাজনৈতিক ব্যক্তি বা নেতাকর্মীর বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইন অনুযায়ী তদন্ত ও ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

মহেশখালীতে বিদেশি শক্তির সঙ্গে সংশ্লিষ্ট কোনো অবৈধ বা দেশের সার্বভৌমত্বের জন্য ঝুঁকিপূর্ণ স্থাপনা বা কার্যক্রম থাকলে তা রাষ্ট্রীয় ও আইনগত প্রক্রিয়ায় পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তিনি।

এ ছাড়া হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের সঙ্গে রাজনৈতিক কোনো প্রতিশ্রুতি দেওয়া হলে তা লিখিতভাবে জনগণের সামনে প্রকাশের দাবি জানান পাটওয়ারী। তার ভাষ্য, জনগণ যেন জানতে পারে কী প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং পরবর্তীতে সেগুলো কতটা বাস্তবায়িত হয়েছে।

পাটওয়ারী বলেন, চট্টগ্রাম ও কক্সবাজারের মানুষের প্রত্যাশা ক্ষমতার রাজনীতি নয়; তারা জনগণের নিরাপত্তা, উন্নয়ন, সুশাসন ও জবাবদিহি চান। জনগণ এখন শুধু বক্তব্য শুনতে চায় না, তারা কাজের প্রমাণ দেখতে চায়।

হ্যাশট্যাগ: