বগুড়ার সদরের এরুলিয়া এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা শিশু নাতি আহত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে এরুলিয়া বিমানবন্দর এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বগুড়া মহানগরীর আটাপাড়া এলাকার স্বর্ণ ব্যবসায়ী বাবুল হাসান (৫০) ও তার স্ত্রী জেসমিন বিবি (৪২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাবুল হাসান স্ত্রী ও নাতি জুলকার নাঈনকে নিয়ে মোটরসাইকেলে করে কাহালু উপজেলায় বড় ছেলের বাসায় দাওয়াতে যাচ্ছিলেন। পথে এরুলিয়া বিমানবন্দরের সামনে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবুল হাসান নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ গুরুতর আহত জেসমিন বিবি ও শিশু জুলকার নাঈনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় জেসমিন বিবির মৃত্যু হয়।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত দুজনের মরদেহ সুরতহাল ও ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকার ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে।

এর আগে একই মহাসড়কে শুক্রবার সকালে নিয়ন্ত্রণ হারানো শাহ ফতেহ আলী পরিবহনের বাসের চাপায় সাত শ্রমিক নিহত হওয়ার ঘটনা ঘটে।