জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে চার্জগঠন শুনানির তারিখ পিছিয়ে আগামী ১ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে শুনানি শেষে ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম নতুন এ তারিখ নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলার চার আসামি অন্য মামলায় গ্রেপ্তার থাকায় তাদের আদালতে হাজির করা সম্ভব হয়নি। তাদের এ মামলায় আদালতে উপস্থিত করার জন্য পিডব্লিউ আবেদন করা হয়েছে। এ কারণে চার্জগঠন শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, শেখ হাসিনাসহ ৩৪ আসামির মধ্যে বৃহস্পতিবার আটজনকে আদালতে হাজির করা হয়। অন্য আসামিরা পলাতক রয়েছেন। মামলায় কারাগারে আটক থাকা আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, ফুরকান ও শাহজাহান খান।

মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। সেদিন গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় নিহতের মা রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।

পরে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান ২০২৫ সালের ২৩ নভেম্বর আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাদেরও আসামি করা হয়েছে।

এখন ১ সেপ্টেম্বর মামলাটির চার্জগঠন শুনানি অনুষ্ঠিত হবে। ওই শুনানির পর মামলাটি আনুষ্ঠানিকভাবে বিচারপর্বে যাওয়ার বিষয়ে আদালত পরবর্তী সিদ্ধান্ত দেবেন।