শীর্ষ সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী গোলাম সারোয়ার খানকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (৮ আগস্ট) বিমানবন্দরের ডমেস্টিক ফ্লাইটের বহির্গমন এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল সেখানে অভিযান চালিয়ে গোলাম সারোয়ার খানকে আটক করে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি নথিপত্র ব্যবহার করে গোলাম সারোয়ার নিজেকে মিয়ানমারের নাগরিক হিসেবে পরিচয় দিতেন। ওই পরিচয়ের ভিত্তিতে তিনি ডেনমার্কের ট্রাভেল ডকুমেন্টও সংগ্রহ করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে দেশ ছেড়ে ওমানে যাওয়ার চেষ্টা করছিলেন গোলাম সারোয়ার। বিমানবন্দরের বহির্গমন এলাকা থেকে তাকে আটক করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ বলেন, গোলাম সারোয়ার খান বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী। বড় সাজ্জাদের নেতৃত্বে ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার তথ্য রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, চট্টগ্রামের অপরাধজগতে আলোচিত নাম বড় সাজ্জাদ বর্তমানে বিদেশে অবস্থান করছেন। বিদেশে থেকেও হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে দেশে থাকা সহযোগীদের অপরাধমূলক কর্মকাণ্ডে নির্দেশনা দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশের তথ্যমতে, চট্টগ্রাম নগরের চান্দগাঁও, বায়েজিদ বোস্তামী ও পাঁচলাইশ এবং জেলার হাটহাজারী ও রাউজান এলাকায় বড় সাজ্জাদের সহযোগীদের তৎপরতা রয়েছে। ব্যবসায়ীদের ফোন করে হুমকি, চাঁদাবাজি, বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি এবং হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।