চাঁদপুরের শাহরাস্তিতে ৩৬ বছর বয়সী এক নারীর পেট থেকে ৪ কেজি ৮০০ গ্রাম ওজনের বড় একটি টিউমার অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করেছেন সার্জন ডা. মো. আরিফ উল হাসান। প্রায় দুই ঘণ্টার অস্ত্রোপচারে সফলভাবে টিউমারটি অপসারণ করা হয়।

শুক্রবার (৭ আগস্ট) উপজেলার মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে এ অস্ত্রোপচার করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, শাহরাস্তির টামটা উত্তর ইউনিয়নের ওই নারী প্রায় তিন মাস ধরে পেট ফোলাভাব ও ব্যথায় ভুগছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর পেটে বড় আকারের টিউমার শনাক্ত হয়। চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হলে শুক্রবার তা সফলভাবে সম্পন্ন হয়।

অস্ত্রোপচারে ডা. আরিফ উল হাসানকে সহযোগিতা করেন সার্জন ডা. রেজোয়ানা সুলতানা রাখি ও ডা. মোহাম্মদ জিলানী। অ্যানেস্থেসিয়ার দায়িত্বে ছিলেন ডা. পান্না লাল সাহা। অস্ত্রোপচারের পর রোগী চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

ডা. মো. আরিফ উল হাসান জানান, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় দুই ঘণ্টার অস্ত্রোপচারে সফলভাবে টিউমারটি অপসারণ করা হয়েছে। বর্তমানে রোগীর অবস্থা স্থিতিশীল রয়েছে। এর আগে বিভিন্ন কারণে ওই রোগীর পেটে চারবার অস্ত্রোপচার হয়েছিল। এবারের অস্ত্রোপচারটি ছিল তাঁর পঞ্চমবার।

বড় আকারের টিউমার অপসারণে ডা. আরিফ উল হাসানের এটি প্রথম সাফল্য নয়। ২০২৪ সালের এপ্রিলে একই হাসপাতালে ৪৫ বছর বয়সী এক নারীর পেট থেকে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের টিউমার অপসারণ করেন তিনি। চলতি বছরের জুনে ২২ বছর বয়সী আরেক নারীর পেট থেকে প্রায় ৩ কেজি ওজনের টিউমারও অপসারণ করেন। সর্বশেষ ৪ কেজি ৮০০ গ্রাম ওজনের টিউমার অপসারণের মাধ্যমে বড় টিউমার অপসারণে তাঁর তৃতীয় সাফল্যের খবর সামনে এলো।

এ ছাড়া ২০২৪ সালে এক রোগীর পায়ুপথে আটকে থাকা ডাব অস্ত্রোপচার ছাড়াই বের করে দিয়েও আলোচনায় এসেছিলেন এই সার্জন।