মাত্র ১৮ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত তারকা হয়ে উঠেছেন লামিনে ইয়ামাল। মাঠের দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি তার আয় ও বিলাসবহুল জীবনযাপনও নিয়মিতই আলোচনায় আসছে। এবার জানা গেছে, বার্সেলোনায় প্রায় ১৫৭ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল বাড়ি কিনতে আগ্রহী এই স্প্যানিশ উইঙ্গার।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পাইস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইয়ামাল যে বাড়িটি কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন, সেখানে একসময় বসবাস করতেন বার্সেলোনার সাবেক তারকা জেরার্দ পিকে ও তার সাবেক সঙ্গী পপ তারকা শাকিরা।

পিকে ও শাকিরার সম্পর্ক শুরু হয় ২০১০ সালে। ২০১২ সালে নির্মিত ওই বাড়িতে ২০২২ সালে তাদের বিচ্ছেদের আগপর্যন্ত একসঙ্গে বসবাস করেন তারা। বিচ্ছেদের পর বাড়িটি বিক্রির জন্য বাজারে তোলা হয়।

প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৩ হাজার ৮০০ বর্গমিটার জায়গাজুড়ে বিস্তৃত সম্পত্তিটিতে মূল বাড়িসহ মোট তিনটি ভবন রয়েছে। সেখানে ইনডোর ও আউটডোর সুইমিংপুল, টেনিস কোর্ট, জিমনেসিয়াম, একাধিক খোলা চত্বর এবং একটি রেকর্ডিং স্টুডিও রয়েছে।

বাড়িটির প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছিল ১ কোটি ৪০ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২০০ কোটি টাকা। পরে তিনটি ভবনের একটি বিক্রি হয়ে যাওয়ায় সম্পত্তিটির দাম কমে দাঁড়ায় ১ কোটি ১০ লাখ ইউরো বা প্রায় ১৫৬ কোটি ৬৭ লাখ টাকা।

‘এল পাইস’ জানিয়েছে, বর্তমানে বাড়িটি কেনার বিষয়ে আগ্রহী ইয়ামাল। তবে নিজের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী সম্পত্তিটিতে সংস্কার ও পরিবর্তন আনতে চান তিনি। এজন্য বাড়তি অর্থও ব্যয় করার পরিকল্পনা রয়েছে তার।

বিলাসবহুল এই সম্পত্তি কেনার সামর্থ্য ইয়ামালের রয়েছে তার আয়ের পরিমাণ দেখলেই তা বোঝা যায়। কয়েক মাস আগে বার্সেলোনার সঙ্গে ছয় বছরের নতুন চুক্তি করেছেন তিনি। চুক্তি অনুযায়ী বছরে প্রায় ৩ কোটি ইউরো আয় করতে পারেন ইয়ামাল। ছয় বছর চুক্তিতে থাকলে শুধু বেতন থেকেই তার আয় হতে পারে প্রায় ১৮ কোটি ইউরো।

এর বাইরে বিজ্ঞাপন ও বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি থেকেও বিপুল অর্থ আয় করছেন ইয়ামাল। ‘ফোর্বস’-এর হিসাবে, সব মিলিয়ে তার বার্ষিক আয় প্রায় ৩ কোটি ৭০ লাখ ইউরো হতে পারে।

বিপুল আয়ের কারণে বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী ফুটবলারদের তালিকাতেও জায়গা করে নিতে পারেন ইয়ামাল। ওই তালিকায় রয়েছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামের মতো তারকারা।

মাত্র ১৮ বছর বয়সেই বিশ্ব ফুটবলের শীর্ষ তারকাদের কাতারে উঠে আসার পাশাপাশি শতকোটি টাকার বিলাসবহুল সম্পত্তির মালিক হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন ইয়ামাল। মাঠের বাইরেও তার জীবনযাপনের আভিজাত্যের নতুন উদাহরণ হয়ে উঠেছে এই বাড়ি কেনার খবর।