আর্জেন্টিনার রোজারিওর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন হোর্হে মেসি। ইনফোবের তথ্য অনুযায়ী, গত রাতে রোজারিওর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ারে হোর্হে মেসির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেসির ক্যারিয়ারের শুরুর সময় থেকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হয়ে ওঠার পুরো যাত্রায় ছেলের পাশে ছিলেন তিনি। শুধু বাবাই নন, মেসির এজেন্ট হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন হোর্হে।

মেসির পক্ষে বিভিন্ন ক্লাব ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি ও নানা বিষয়ে আলোচনা পরিচালনার পাশাপাশি তার ব্যবসায়িক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন হোর্হে মেসি। ছেলের ক্যারিয়ারের পেশাগত ও ব্যবসায়িক সিদ্ধান্তে তিনি ছিলেন অন্যতম প্রধান সহযোগী।

হোর্হে মেসির মৃত্যুতে মেসি পরিবারের পাশাপাশি বিশ্ব ফুটবলেও নেমে এসেছে শোকের ছায়া।