গাইবান্ধায় ৪৪টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা শাখা।
বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে সংগঠনের উদ্যোগে জেলা শহরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা কমিটির সদস্য কমরেড গোলাম ছাদেক লেবু, কাজী আবু রাহেন শফিউল্লাহ খোকন, নিলুফার ইয়াসমিন শিল্পীসহ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জ্বালানি তেল আমদানি, বিদ্যুৎ বিতরণ ও বিপণন, রেল, পর্যটন মোটেলসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বেসরকারি খাতে দেওয়া হলে সাধারণ মানুষ আরও সংকটে পড়বে। জ্বালানি তেল আমদানির দায়িত্ব বেসরকারি খাতে গেলে দেশের অর্থনীতি সংশ্লিষ্ট কোম্পানির ওপর নির্ভরশীল হয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।
তাদের দাবি, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জনগণের সম্পদ। কোনো ব্যক্তি বা কোম্পানির মুনাফার স্বার্থে এসব প্রতিষ্ঠান বেসরকারি খাতে তুলে দেওয়া অন্যায়। তাই ৪৪টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসহ জ্বালানি তেল আমদানি, বিদ্যুৎ বিতরণ, রেল ও পর্যটন মোটেল বেসরকারিকরণের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে।
সমাবেশে অত্যাবশ্যকীয় ওষুধের মূল্যতালিকা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারেরও দাবি জানানো হয়। পাশাপাশি ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে এনটিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগের ব্যবস্থা বহাল রাখার দাবি জানান বক্তারা।