রাষ্ট্রপতির শূন্য পদে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নাম নিয়ে আলোচনা চললেও তার সঙ্গে এ বিষয়ে কোনো যোগাযোগ করেনি বিএনপি সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট একাধিক সূত্র।
পরিচয় প্রকাশ না করার শর্তে বিএনপি সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আলোচনা হয়নি। সূত্রের দাবি, রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এদিকে রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে। যদিও এর আগে ড. ইউনূসকে রাষ্ট্রপতি পদে আনার বিষয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। তবে তার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, তিনি কোনো রাজনৈতিক সরকারের দায়িত্ব নিতে আগ্রহী নন।
উল্লেখ্য, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করার পর রাষ্ট্রপতির পদটি শূন্য হয়। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।
এদিকে আন্তর্জাতিক পর্যায়েও ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে আলোচনা রয়েছে। জাতিসংঘের বর্তমান মহাসচিবের মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে সম্ভাব্য প্রার্থী হিসেবেও তার নাম আলোচনায় এসেছে। তবে ড. ইউনূসের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, তিনি বর্তমানে জাতিসংঘসহ কোনো নতুন দায়িত্ব গ্রহণে আগ্রহী নন।