দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলের সিনিয়র নেতা ও বর্তমান সরকারের স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে তিনি দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে এক বৈঠকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রার্থিতা চূড়ান্ত করেন। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি পদে প্রার্থিতার কথা ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আজ বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহার এবং কোনো একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশনকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংবিধানে সংসদ সদস্যদের প্রকাশ্য ভোটের বিধান এবং ৭০ অনুচ্ছেদের বাধ্যবাধকতা থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় প্রায় নিশ্চিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।