শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত ও মাগুরার আছিয়া হত্যা মামলার শুনানি শেষ হওয়ার পরই রামিসা হত্যা মামলার শুনানি শুরু হবে।
বুধবার (১২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
এর আগে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্টেট ডিফেন্স নিয়োগের জন্য সলিসিটরকে নির্দেশ দেন। পরে গত ২৫ জুন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে আইনি লড়াইয়ের জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খানকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
মামলার তথ্য অনুযায়ী, গত ১৯ মে রামিসাকে ধর্ষণের পর হত্যা করেন সোহেল রানা। এ ঘটনায় তাকে সহায়তা করেন তার স্ত্রী স্বপ্না আক্তার। অপরাধের গুরুত্ব বিবেচনায় ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনাল দুজনকেই মৃত্যুদণ্ড দেন।
রায় ঘোষণার পর দুই আসামিকে কনডেম সেলে রাখা হয়। সেখান থেকেই তারা রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন। এখন ডেথ রেফারেন্স ও আপিলের শুনানির মাধ্যমে মামলাটি পরবর্তী আইনি ধাপে এগোবে।