রাজশাহী শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে গত সাত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫—দুটিই কমেছে। বোর্ডের সাত বছরের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, ২০২৬ সালে পাসের হার নেমে দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৬৭ শতাংশে। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী।
ঘোষিত ফল অনুযায়ী, ২০২৫ সালে রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ৬৩ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিল ২২ হাজার ৩২৭ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে প্রায় ১৪ শতাংশ এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৫ হাজার ৭০০ জন।
এর আগে ২০২৪ সালে পাসের হার ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ২৮ হাজার ৭৪ জন। ২০২৩ সালে পাসের হার ছিল ৮৭ দশমিক ৮৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ২৬ হাজার ৮৭৭ জন। ২০২২ সালে পাসের হার ছিল ৮৫ দশমিক ৮৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৪২ হাজার ৫২৭ জন।
২০২১ সালে রাজশাহী বোর্ডে পাসের হার ছিল ৯৪ দশমিক ৭১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ২৯ হাজার ৭০৯ জন। ২০২০ সালে পাসের হার ছিল ৯০ দশমিক ৭৯ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছিল ২৬ হাজার ৬৬৯ জন।
সাত বছরের পরিসংখ্যানে দেখা যায়, ২০২৬ সালেই রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার সবচেয়ে কম। একইভাবে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবার আরও কমেছে।
এদিকে সাত বছর ধরেই রাজশাহী শিক্ষা বোর্ডে ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার বেশি। ২০২৬ সালে মেয়েদের পাসের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ, যেখানে ছেলেদের পাসের হার ৫৭ দশমিক ৩৩ শতাংশ। ২০২৫ সালে মেয়েদের পাসের হার ছিল ৮২ দশমিক ০১ শতাংশ এবং ছেলেদের ৭৩ দশমিক ৬৪ শতাংশ। ২০২৪ সালে মেয়েদের পাসের হার ছিল ৯১ দশমিক ৯০ শতাংশ এবং ছেলেদের ৮৬ দশমিক ৭৮ শতাংশ।
জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও এবার মেয়েরা এগিয়ে রয়েছে। ২০২৬ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৮ হাজার ৯৯১ জন ছাত্রী এবং ৭ হাজার ৬২২ জন ছাত্র।
জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে সাত বছরের মধ্যে ২০২২ সাল ছিল সবচেয়ে উল্লেখযোগ্য। ওই বছর রাজশাহী শিক্ষা বোর্ডে ৪২ হাজার ৫২৭ জন জিপিএ-৫ পেয়েছিল। পরের বছরই তা কমে ২৬ হাজার ৮৭৭ জনে নেমে আসে। ২০২৪ সালে কিছুটা বেড়ে ২৮ হাজার ৭৪ জন হলেও ২০২৫ সালে তা কমে ২২ হাজার ৩২৭ জন এবং ২০২৬ সালে আরও কমে ১৬ হাজার ৬১৩ জনে দাঁড়িয়েছে।
এ হিসাবে ২০২২ সালের তুলনায় ২০২৬ সালে রাজশাহী বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ২৫ হাজার ৯০০ জন। ২০২৪ সালের তুলনায় কমেছে প্রায় ১১ হাজার ৫০০ জন।
শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাতেও বড় পতন হয়েছে। ২০২৬ সালে রাজশাহী শিক্ষা বোর্ডের ৩৫টি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। ২০২৫ সালে এ সংখ্যা ছিল ৯৯টি। ২০২৪ সালে ২৮৯টি, ২০২৩ সালে ১৭৮টি, ২০২২ সালে ১৪৭টি, ২০২১ সালে ৩৯৮টি এবং ২০২০ সালে ৩০৮টি প্রতিষ্ঠান শতভাগ পাসের সাফল্য পেয়েছিল।