এসএসসি পরীক্ষার ফল প্রকাশের আগের দিনই না ফেরার দেশে পাড়ি জমিয়েছে হবিগঞ্জের বাহুবল উপজেলার শিক্ষার্থী কাজী রেজা। পরদিন প্রকাশিত ফলাফলে সে জিপিএ ৪ দশমিক ১১ পেয়েছে। তবে কষ্টার্জিত সেই ফল নিজের চোখে দেখে যেতে পারেনি ১৬ বছর বয়সী রেজা।

কাজী রেজা বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চক্রামপুর গ্রামের কাজীবাড়ির কাজী আলফু মিয়ার ছেলে। সে সানশাইন মডেল হাইস্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৯ আগস্ট) দুপুরে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়ে রেজা। প্রথমে পরিবারের সদস্যরা বিষয়টিকে সাধারণ অসুস্থতা মনে করলেও কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে দ্রুত তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রেজার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া। এর মধ্যেই সোমবার প্রকাশিত হয় এসএসসি পরীক্ষার ফল। এতে রেজার জিপিএ ৪ দশমিক ১১ পাওয়ার খবর আসে। যে ফলাফল নিয়ে পরিবার ও সহপাঠীদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার কথা ছিল, সেটিই এখন স্বজনদের কাছে বেদনার স্মৃতি হয়ে দাঁড়িয়েছে।

রেজার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহপাঠী, শিক্ষক, আত্মীয়স্বজন ও এলাকাবাসী তার বাড়িতে ছুটে আসেন। প্রিয় রেজাকে শেষবারের মতো দেখতে আসা মানুষের ভিড়ে ভারী হয়ে ওঠে পরিবেশ। চারদিকে কান্না আর নিস্তব্ধতায় নেমে আসে শোকের আবহ।

আবেগাপ্লুত সহপাঠীরা বলেন, ‘রেজাল্ট এসেছে, কিন্তু আমাদের বন্ধু রেজা আর নেই’—এই বাস্তবতা তারা মেনে নিতে পারছেন না।

পরিবার সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ বাড়িতে কাজী রেজার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নিয়ে তার রুহের মাগফিরাত কামনা করেন।