ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত দুটি গোলের সাক্ষী দিয়াগো ম্যারাডোনার সেই বল এবার আবারও নিলামে উঠছে। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’—দুটি ঐতিহাসিক গোলই হয়েছিল যে বলে, সেটির দাম ১২৫ কোটি টাকা পর্যন্ত উঠতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস আগামী ২১ আগস্ট নিলাম শুরু করবে। ২৩ আগস্ট বিজয়ী ক্রেতার নাম ঘোষণা করা হবে। প্রতিষ্ঠানটির প্রত্যাশা, বলটির দাম অন্তত এক কোটি মার্কিন ডলারে পৌঁছাতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৫ কোটি টাকা। নিলামের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ লাখ ডলার।

১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচে ব্যবহার করা হয়েছিল বলটি। ম্যাচের ৫১তম মিনিটে ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনের মাথার ওপর দিয়ে হাত দিয়ে বল জালে পাঠান ম্যারাডোনা। সেই গোলই ইতিহাসে ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত।

এর মাত্র চার মিনিট পর মাঝমাঠ থেকে বল নিয়ে ইংল্যান্ডের একের পর এক খেলোয়াড়কে কাটিয়ে দুর্দান্ত একক নৈপুণ্যে গোল করেন ম্যারাডোনা। পরবর্তীতে ফিফা সেই গোলকে ‘গোল অব দ্য সেঞ্চুরি’ হিসেবে স্বীকৃতি দেয়। একই ম্যাচে করা দুই গোলের ঐতিহাসিক স্মৃতি বহন করছে এবার নিলামে উঠতে যাওয়া বলটি।

হেরিটেজ অকশনসের ক্রীড়া বিভাগের ভাইস প্রেসিডেন্ট ড্যান ইমলার বলেন, ফুটবল ইতিহাসের সবচেয়ে স্মরণীয় বলগুলোর মধ্যে এটি অন্যতম। তার মতে, স্মরণীয় বলের তালিকায় এটি সম্ভবত সবার ওপরে থাকবে।

ম্যারাডোনার স্মারকের বাজারমূল্য এর আগেও বড় অঙ্কের রেকর্ড গড়েছে। ২০২২ সালে ওই ম্যাচে ম্যারাডোনার পরা আর্জেন্টিনার নীল-সাদা জার্সি ৯৩ লাখ ডলারে বিক্রি হয়েছিল। ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার স্টিভ হজ ৩৬ বছর জার্সিটি নিজের কাছে রাখার পর সদবিসের মাধ্যমে সেটি বিক্রি করেন।

এবার নিলামে উঠতে যাওয়া বলটি অ্যাডিডাসের ‘অ্যাজটেকা’ মডেলের। এটি বিশ্বকাপ ইতিহাসের প্রথম কৃত্রিম উপাদানে তৈরি অফিসিয়াল ম্যাচ বল হিসেবে পরিচিত। ম্যাচটির রেফারি তিউনিসিয়ার আলি বিন নাসের দীর্ঘদিন বলটি নিজের সংগ্রহে রেখেছিলেন।

২০২২ সালের কাতার বিশ্বকাপ চলাকালে প্রথমবার নিলামে তোলা হয় বলটি। সে সময় এক অজ্ঞাতপরিচয় ক্রেতা ২৩ লাখ ৭০ হাজার ডলারে এটি কিনেছিলেন। তখন সেটিই ছিল বিশ্বের সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ফুটবল। তবে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের বেসবল তারকা শোহেই ওহতানির খেলা একটি বেসবল ৪৩ লাখ ৯২ হাজার ডলারে বিক্রি হয়ে সেই রেকর্ড ভেঙে দেয়।

এবার ম্যারাডোনার ঐতিহাসিক দুই গোলের সাক্ষী সেই বল ১২৫ কোটি টাকার মাইলফলক ছুঁতে পারে কি না, সেদিকেই নজর ফুটবলপ্রেমীদের।