রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে মো. আলমগীর হোসেন (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী ও এক পথচারী নারী আহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর-১১ নম্বরের মিল্লাত ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

আহত আলমগীর হোসেন মিরপুর-১১ নম্বরের ৩ নম্বর রোডের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী। স্বজনদের দাবি, তিনি ঢাকার নবাবগঞ্জ থানা বিএনপির সদস্য।

আলমগীরকে হাসপাতালে নিয়ে আসা তার চাচা মো. আশিক জানান, বিকেল সাড়ে ৫টার দিকে মিল্লাত ক্যাম্পের একটি দোকানে চা খাওয়ার সময় একটি প্রাইভেটকারে করে চারজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তিনি জানান, আলমগীরের মাথার ডান পাশে, পেটের ডান পাশে ও ডান নিতম্বে গুলি লেগেছে। বর্তমানে তিনি পরিবার নিয়ে মিরপুর-১১ নম্বর সেকশনে বসবাস করছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মিরপুর এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। তার মাথা, পেট ও নিতম্বে গুলির আঘাত রয়েছে। চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বশীর জানান, দুর্বৃত্তরা তিন রাউন্ড গুলি ছুড়েছে। এতে আলমগীরসহ এক নারী আহত হয়েছেন। ঘটনার তদন্তের পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।