চাঁদপুরের মতলব দক্ষিণে মোবাইল ফোন চুরির সন্দেহে মো. তারেক ঢালী (১৭) নামে এক তরুণকে মায়ের সামনে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এ ঘটনায় শফিক প্রধান (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় শফিক প্রধানকে আটক করা হয়। এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর দক্ষিণ পাড়া প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়দের ভাষ্য, গোবিন্দপুর গ্রামের জাকির হোসেন ঢালীর ছেলে তারেক ঢাকায় একটি প্রতিষ্ঠানে কাজ করেন। ছুটিতে তিনি বাড়িতে এসেছিলেন। মঙ্গলবার ভোরে প্রধানীয়া বাড়ির আল-আমীন, শফিক, তানিম ও মোতালেব তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

পরে তাকে প্রধানীয়া বাড়িতে নিয়ে মোবাইল ফোন চুরির সন্দেহে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। একপর্যায়ে তার মাথায় গামছা বেঁধে গরম পানি ঢেলে দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। বিকেলে স্থানীয় সোবহান ঢালী, মো. রাকিব প্রধানসহ কয়েকজন তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ভুক্তভোগীর মা খুকী বেগম বলেন, ১২ বছর আগে তার স্বামী মারা গেছেন। দুই ছেলেকে নিয়ে অনেক কষ্টে সংসার চালিয়েছেন তিনি। তার অভিযোগ, ছেলেকে নির্যাতনের সময় অনেকেই ঘটনাটি দেখলেও কেউ এগিয়ে আসেননি। পরে কয়েকজন তাকে উদ্ধার করেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

স্থানীয় নবী উল্লাহ পাটোয়ারী বলেন, তারেক ও তার ভাই ঢাকার শহীদুল্লাহ হলের ক্যান্টিনে কাজ করেন। তার ভাষ্য, অসহায় এই তরুণকে হত্যার উদ্দেশ্যে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান তিনি।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, অভিযুক্ত শফিক প্রধানকে এলাকা থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।