‎‎

‎গণতান্ত্রিক সমাজে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, মানবাধিকার রক্ষা এবং সংবাদমাধ্যমের কার্যকর ভূমিকা নিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‎

‎মঙ্গলবার বন্ধন এনজিও কার্যালয়ে বন্ধন মানবাধিকার ও উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত কর্মশালায় স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা অংশ নেন।

‎

‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মানবাধিকার কমিশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট সাইদুর রহমান বলেন, গণতন্ত্রের ভিত মজবুত করতে স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন সাংবাদিকের কাজ শুধু ঘটনা তুলে ধরা নয়; সত্যতা যাচাই করে মানুষের অধিকার, সমাজের সমস্যা এবং অন্যায়-অনিয়মের বিষয়গুলোও দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরা।

‎

‎তিনি আরও বলেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রকাশের পাশাপাশি সংশ্লিষ্ট সমস্যার সম্ভাব্য সমাধান ও করণীয়ও জনসম্মুখে আনার চেষ্টা করতে হবে।

‎

‎বন্ধন এনজিওর নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম চৌধুরী বিপ্লব বলেন, গণমাধ্যমের একটি প্রতিবেদন অনেক সময় মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং অন্যায়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সংবাদ প্রকাশের সময় তথ্যের নির্ভুলতা, নৈতিকতা ও পেশাগত দায়বদ্ধতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা জরুরি।

‎

‎প্রশিক্ষণে মানবাধিকার বিষয়ক সংবাদ সংগ্রহ ও পরিবেশন, মাঠপর্যায়ে তথ্য যাচাই, সাংবাদিকতার বর্তমান বাস্তবতা এবং কাজের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করা হয়। এ সময় স্থানীয় সাংবাদিকরা তাদের পেশাগত অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে নানা সমস্যার কথাও জানান।

‎

‎কর্মশালায় বন্ধনের সভাপতি মো. তারিকুল ইসলাম চৌধুরী, মানবাধিকার সংস্থার মনিটরিং কর্মকর্তা সাহিদ মাহফুজ, জেলা মনিটরিং কর্মকর্তা ড. সাজ্জাদুল বারী, ফ্যাসিলিটেটর বিপ্লব আলীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা উপস্থিত ছিলেন।