মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে যুবসমাজকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়েছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলা যুবদল নেতা ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল। তিনি বলেছেন, মাদকের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না।

অপরাধীর পরিচয় দলীয় পরিচয়ে নির্ধারিত হবে না -অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে।রোববার (৯ আগস্ট) নন্দীগ্রাম পৌরসভার বিভিন্ন মহল্লার তরুণ ও স্থানীয় খেলোয়াড়দের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

‎আব্দুর রউফ রুবেল বলেন, দেশের যুবসমাজ একটি বড় শক্তি। তাদের সঠিক পথে সম্পৃক্ত করা গেলে সমাজ থেকে মাদকসহ নানা অপরাধ দূর করা সম্ভব। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক দায়িত্ববোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

‎তিনি বলেন, নন্দীগ্রাম উপজেলাকে মাদকমুক্ত ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তুলতে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না। প্রতিটি মহল্লায় মাদকের ক্ষতিকর দিক নিয়ে জনসচেতনতা বাড়াতে হবে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, ক্রীড়া সংগঠক এবং সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার প্রয়োজন রয়েছে।

‎রুবেলের ভাষ্য, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করতে খেলাধুলার সুযোগ বাড়ানো জরুরি। তৃণমূল পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের উৎসাহিত করার পাশাপাশি মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করা দরকার।

‎এর আগে উপজেলার বুড়ইল ইউনিয়নের খেংশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় খেলোয়াড়দের মধ্যে ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এ সময় যুবদল নেতা জয়নুল আবেদিন শিবলু, শাকিল আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎দলীয় সূত্রের দাবি, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন এবং জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসানের দিকনির্দেশনায় গ্রামীণ এলাকায় ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা তৈরির চেষ্টা চলছে।