চট্টগ্রামের লোহাগাড়ায় ফুটবল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ হোসেন আসহাব (১০) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাট এলাকার তালিমুল কোরআন মাদ্রাসা ও মাসুমা ফাউন্ডেশন এতিমখানায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আসহাব উপজেলার কলাউজান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিয়াজীপাড়া এলাকার মো. ফারুকের ছেলে। তিনি তালিমুল কোরআন মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। মাদ্রাসার সুপার মাওলানা ফরিদুল ইসলাম জানান, ভোরে মাদ্রাসার মাঠে ফুটবল খেলার সময় বলটি ছাদে উঠে যায়। পরে বল আনতে গিয়ে আসহাব বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরে মাদ্রাসার শিক্ষকরা তাকে দ্রুত উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. এজাজুল হক শিহাব তাকে মৃত ঘোষণা করেন। তবে নিহতের চাচা সেলিম উদ্দীন অভিযোগ করেছেন, সময়মতো চিকিৎসা না পাওয়ায় আসহাবের মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সীমান্ত পোদ্দার। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ জানান, মরদেহ হাসপাতাল থেকে থানার হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।