ভারতে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহের পরীক্ষামূলক প্রকল্প চালু হয়েছে। উত্তর প্রদেশের বুলন্দশহরের ১৫টি গ্রামে প্রাথমিকভাবে এ প্রকল্প শুরু করা হয়েছে। এর আওতায় কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্রের জন্য সর্বোচ্চ ২০ রুপি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে প্রকল্পের আওতায় প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। সংগ্রহের কাজে যুক্ত গ্রামীণ নারীদের প্রতি লিটারে ২ রুপি করে কমিশন দেওয়া হচ্ছে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকার বলছে, এ প্রকল্পের মাধ্যমে কৃষকদের অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হবে। পাশাপাশি গ্রামীণ নারীদের জন্যও আয়ের নতুন পথ তৈরি হবে। দুধ দেওয়া বন্ধ করে দেওয়া গরুগুলোর দেখভালে কৃষকদের উৎসাহিত করতেও প্রকল্পটি ভূমিকা রাখবে বলে মনে করছে সরকার।
প্রাথমিকভাবে বুলন্দশহরের ১৫টি গ্রামে পরীক্ষামূলকভাবে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের কার্যক্রম সফল হলে ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
তবে সরকারি এই উদ্যোগ নিয়ে বিরোধিতা করেছে ভারতের সমাজবাদী পার্টি। দলটির পক্ষ থেকে প্রকল্পটিকে ‘কেলেঙ্কারি’ বলে আখ্যা দেওয়া হয়েছে।