কানে হেডফোন, মুখে বাঁধভাঙা অট্টহাসি—সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করতে গিয়ে এমন একটি ভিডিও ক্লিপ বা স্টিকার চোখে পড়েনি, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। মজার ভিডিও, রিলস কিংবা বিভিন্ন মিমে নিয়মিত ব্যবহার হওয়া এই হাসির দৃশ্যটি বিশ্বজুড়ে বেশ পরিচিত। তবে অনেকেরই হয়তো জানা নেই, এই ভাইরাল অট্টহাসির পেছনে থাকা যুবকটি আসলে কে।
ইন্টারনেটে জনপ্রিয় হয়ে ওঠা এই যুবকের নাম মুতাহার আনাস। তিনি একজন ভারতীয়-কানাডিয়ান কনটেন্ট ক্রিয়েটর এবং কানাডার অন্টারিওর টরন্টোতে বসবাস করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার রয়েছে বড় অনুসারী গোষ্ঠী। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ১০ লাখের বেশি এবং ইউটিউবে প্রায় ৪০ লাখ।
‘সাম অর্ডিনারি গেমস’ নামে একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন মুতাহার। সেখানে মূলত ভিডিও গেম ও প্রযুক্তি নিয়ে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করেন তিনি।
মুতাহারের যে হাসি আজ বিশ্বজুড়ে মিম ও কমেডি কনটেন্টের অংশ হয়ে উঠেছে, সেটির শুরু ২০১৬ সালে। সে সময় নিজের চ্যানেলে একটি লাইভ গেমিং স্ট্রিম চলাকালে হঠাৎ করেই অদ্ভুত ভঙ্গিতে হেসে ওঠেন তিনি। তখন ঘটনাটি খুব একটা আলোচনায় আসেনি।
পরে অন্য এক কনটেন্ট ক্রিয়েটরের নজরে আসে সেই দৃশ্য। পুরো ভিডিও থেকে মুতাহারের অট্টহাসির অংশটুকু আলাদা করে পোস্ট করা হয়। এরপরই দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ক্লিপ।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মুতাহারের হাসির ভিডিওটি হয়ে ওঠে ইন্টারনেটের অন্যতম পরিচিত রিঅ্যাকশন ক্লিপ। বিভিন্ন কমেডি ভিডিও, রিলস ও মিমে হাস্যরস প্রকাশের জন্য নিয়মিত ব্যবহার করা হয় তার সেই প্রতিক্রিয়া। ভিডিও সম্পাদনার ক্ষেত্রেও এটি এখন বহুল ব্যবহৃত একটি ক্লিপ।
একটি সাধারণ গেমিং স্ট্রিমের মুহূর্ত থেকে শুরু হওয়া সেই অট্টহাসিই শেষ পর্যন্ত মুতাহার আনাসকে ইন্টারনেট সংস্কৃতির পরিচিত এক মুখে পরিণত করেছে।