সারাদেশের ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। একই সঙ্গে কৃষিপণ্যের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা ও মজুদদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার (৮ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজের বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, কৃষক যেন তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান এবং উৎপাদন করে লাভবান হতে পারেন, সে জন্য বাজারব্যবস্থায় থাকা সব ধরনের ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে প্রান্তিক কৃষকদের স্বার্থ সুরক্ষার পাশাপাশি কৃষিপণ্যের বাজারে স্বাভাবিক প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করা হবে।

মজুদদারদের সতর্ক করে আইনমন্ত্রী বলেন, মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তাই মজুদ করার আগে বিষয়টি ভেবে দেখার জন্য তিনি সংশ্লিষ্টদের সতর্ক করেন।

তিনি আরও বলেন, কৃষিপণ্যের বাজারে কৃত্রিম সংকট তৈরি করে কেউ যাতে অতিরিক্ত মুনাফা করতে না পারে, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বাজার পরিস্থিতির ওপর নজরদারি বাড়ানো হবে বলেও জানান তিনি।