বৃদ্ধ, অসহায় ও অসুস্থ শ্বশুর-শাশুড়ির ওপর নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন এবং তাদের ও ওয়ারিশদের স্থাবর সম্পত্তি জবরদখলের অভিযোগের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

রোববার (৯ আগস্ট) দুপুরে পঞ্চগড় জেলা জজ কোর্টের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগী বৃদ্ধ খয়রুল আলম অভিযোগ করে বলেন, তার পৈতৃক সম্পত্তি বিক্রি করতে গেলে তার জামাতা ও আইনজীবী হাসান সারোয়ার হেনরী বাধা প্রদান করেন। পাশাপাশি বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

খয়রুল আলম বলেন, “এই বৃদ্ধ বয়সে আমার স্ত্রী অসুস্থ। তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থও আমাদের হাতে নেই। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

ভুক্তভোগী স্ত্রী বেগম মমতাজ জাহান অভিযোগ করে বলেন, তাদের নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। ফোনে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। তিনি আরও বলেন, “আমাদের বিরুদ্ধে যেন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা না হয়। আমরা এই হয়রানি থেকে মুক্তি চাই এবং সুষ্ঠু বিচার দাবি করছি।”

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের মেয়ে ডা. নাফিয়া ইয়াসমিন, নাইমা ইয়াসমিন, প্রতিবেশীসহ স্থানীয় অনেকেই উপস্থিত ছিলেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে তারা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হয়রানি ও চাপের মধ্যে রয়েছেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত হাসান সারোয়ার হেনরীর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।