দুবাই থেকে ব্যাংককগামী একটি উড়োজাহাজে ঘুমন্ত এক নারী যাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক পাকিস্তানি যুবককে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন থাইল্যান্ডের আদালত। একইসঙ্গে তাকে ১ লাখ ২০ হাজার বাত জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে থাইল্যান্ডে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগী থাই নারী বিউট অর্ননিচা গত ৩ আগস্ট নিজের ফেসবুক পেজে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। ঘটনার সময় তিনি চার বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে ওই ফ্লাইটে ভ্রমণ করছিলেন।
ভুক্তভোগী জানান, দুবাই থেকে উড়োজাহাজ ছাড়ার কিছুক্ষণ পর তিনি লক্ষ্য করেন, পাশের আসনে থাকা এক পাকিস্তানি যাত্রী তার আসনের ওপর হাত রেখেছেন। বিষয়টি অস্বাভাবিক মনে হলেও তখন তিনি গুরুত্ব দেননি। পরে মেয়ের পাশে ঘুমিয়ে পড়েন তিনি।
তার অভিযোগ, ঘুম থেকে জেগে তিনি বুঝতে পারেন, ওই ব্যক্তি তাকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করছেন। তিনি একটি কম্বল দিয়ে ঢাকা ছিলেন। প্রথমে বিষয়টিকে স্বপ্ন বা ভুল অনুভূতি মনে হলেও পরে সন্দেহ নিশ্চিত হয় বলে জানান তিনি।
ওই নারী জানান, ঘুমের ওষুধ খাওয়ার কারণে তিনি গভীর ঘুমে ছিলেন। পরে ফ্লাইট অবতরণের প্রায় ৯০ মিনিট আগে তিনি বিষয়টি একজন ফ্লাইট অ্যাটেনডেন্টকে জানান। অভিযোগের পর অভিযুক্ত যাত্রীর সঙ্গে কথা বলা হলে তিনি ঘটনার কথা স্বীকার করেন এবং ক্ষমা চান বলে দাবি করেন ভুক্তভোগীর।
পরে ব্যাংককে উড়োজাহাজ অবতরণের পর ওই নারী পুলিশকে বিষয়টি জানান। এরপর মামলার প্রক্রিয়া শেষে থাইল্যান্ডের আদালত অভিযুক্ত পাকিস্তানি যুবককে কারাদণ্ড ও জরিমানার সাজা দেন।