এসএসসি ও সমমান পরীক্ষায় ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করেছে। পরীক্ষায় অংশ নেওয়া প্রত্যেক শিক্ষার্থীই জিপিএ-৫ অর্জন করেছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর বিজ্ঞান বিভাগ থেকে ৩৭৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ছয়জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ফল প্রকাশের পর প্রতিষ্ঠানজুড়ে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।
নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফল করে আসছে প্রতিষ্ঠানটি। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ফলাফলের ভিত্তিতে প্রায় প্রতিবছরই বোর্ড পর্যায়ে দেশসেরার অবস্থান ধরে রেখেছে তারা।
২০২৫ সালে বিদ্যালয়টির ৩২০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাসসহ সবাই জিপিএ-৫ অর্জন করে। এর আগের বছর ২০২৪ সালে ২৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯৩ জন জিপিএ-৫ পেয়েছিল।
২০২৩ সালে ২৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭০ জন জিপিএ-৫ অর্জন করে। ২০২২ সালে ২৬৬ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পায়। ২০২১ সালে ২৪৭ জনের মধ্যে ২৩৭ জন, ২০২০ সালে ২১৪ জনের মধ্যে ২০০ জন, ২০১৯ সালে ১৭১ জনের মধ্যে ১৬৮ জন এবং ২০১৮ সালে ১৩৯ জনের মধ্যে ১৩৭ জন জিপিএ-৫ পেয়েছিল।
এ ছাড়া ২০১৭ সালে প্রতিষ্ঠানটির ১৬৪ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ অর্জন করেছিল। ধারাবাহিকভাবে এমন সাফল্যের মাধ্যমে নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস নরসিংদীর শিক্ষাক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে।