গাজীপুরের কালীগঞ্জে বন্ধুর চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে ফেরার পথে বিল্লাল মাঝি (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার মৃত্যুর পরদিন শোকাহত বন্ধু হাবিবুর রহমান (৫৭)ও মারা গেছেন। দুই বন্ধুর মরদেহ বর্তমানে ভারতের একটি হাসপাতালে রয়েছে।

মৃত বিল্লাল মাঝি গাজীপুরের কালীগঞ্জ থানার জামালপুর ইউনিয়নের কাপাইশ গ্রামের করম আলী মাঝির ছেলে। অন্যদিকে হাবিবুর রহমান একই জেলার কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের আসাম উদ্দিনের ছেলে।

জানা গেছে, বন্ধু হাবিবুর রহমানের চিকিৎসায় সহযোগিতা করতে প্রায় ২৫ দিন আগে ভারতে যান বিল্লাল মাঝি। কলকাতার ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালে চিকিৎসা শেষে গত ৯ আগস্ট তারা দেশে ফেরার উদ্দেশ্যে রওনা হন। কলকাতা থেকে ফেরার পথে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন বিল্লাল। পরে তাকে এমআর ভাঙ্গুর ডিস্ট্রিক্ট স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বন্ধুর মৃত্যুর পর শোকে ভেঙে পড়েন হাবিবুর রহমান। এর পরদিন তিনিও মারা যান। বর্তমানে দুই বন্ধুর মরদেহই এমআর ভাঙ্গুর ডিস্ট্রিক্ট স্পেশালাইজড হাসপাতালে রয়েছে।

বিল্লাল মাঝির মেয়ে আফরোজা আক্তার বলেন, দুই বন্ধুর একসঙ্গে মৃত্যু হয়েছে। তাদের মরদেহ যেন দেশের মাটিতে দাফন করা যায়, সে জন্য সরকারের সহযোগিতা চান তারা।

জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান খাইরুল আলম বলেন, মরদেহ দুটি দেশে আনার বিষয়ে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করা হচ্ছে। দ্রুত সরকারি উদ্যোগ নেওয়ার দাবিও জানান তিনি।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, এখনো পরিবারের পক্ষ থেকে কেউ জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেনি। তারা যোগাযোগ করলে আইন অনুযায়ী সর্বোচ্চ সহযোগিতা করা হবে।