জামালপুরের বকশীগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় ফিল্ড সুপারভাইজার আসাদুল্লাহ সিদ্দিকীর অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষকদের উদ্যোগে উপজেলা মডেল মসজিদের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক মওলানা হামিদুল ইসলাম, মওলানা বেলাল হোসেন, মুফতী আবদুর রশিদ জাফরী, শিক্ষক আজিজুন্নাহারসহ আরো অনেকেই বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার হিসেবে আসাদুল্লাহ সিদ্দিকী বকশীগঞ্জে যোগদান করেছেন।গত ৭ আগস্ট বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি সরকারি সফরে বকশীগঞ্জে আসলে কয়েকজন শিক্ষক-শিক্ষিকা প্রতিমন্ত্রীকে স্বাগত জানাতে যায়।
এতে ক্ষিপ্ত হয়ে আসাদুল্লাহ সিদ্দিকী তাদের সাথে অসদাচরণ ও অসৌজন্যমূলক আচরণ করেন এবং চাকুরী খাওয়ার হুমকি প্রদান করেন। তাই এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় তারা ফিল্ড সুপারভাইজারের অপসারণ দাবি করেন।এব্যাপারে সদ্য যোগদানকৃত ফিল্ড সুপারভাইজার আসাদুল্লাহ সিদ্দিকী জানান, কিছু শিক্ষক সুযোগ নিতে না পারায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই তাঁরা আমাকে এখান থেকে সড়ানোর চেষ্টা করছে।