পশ্চিম ইউরোপের আকাশে আজ বুধবার (১২ আগস্ট) দেখা যাবে বছরের অন্যতম আলোচিত মহাজাগতিক দৃশ্য—পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ১৯৯৯ সালের পর এই অঞ্চলের কোটি কোটি মানুষ প্রথমবারের মতো এমন বিরল সূর্যগ্রহণ প্রত্যক্ষ করার সুযোগ পাচ্ছেন।
চাঁদের প্রচ্ছায়া উত্তর সাইবেরিয়া, আর্কটিক মহাসাগর ও পূর্ব গ্রিনল্যান্ড অতিক্রম করে পশ্চিম আইসল্যান্ড ও উত্তর স্পেনের ওপর দিয়ে যাবে। এরপর উত্তর-পূর্ব পর্তুগালের একটি ছোট অংশ ছুঁয়ে স্পেনের ভূমধ্যসাগরীয় উপকূল ও বালেয়ারিক দ্বীপপুঞ্জে সূর্যাস্তের মধ্য দিয়ে এ মহাজাগতিক ঘটনা শেষ হবে।
সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে অবস্থান করলে চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়ে। সেই ছায়ার কেন্দ্রের ঘন অন্ধকার অংশকে বলা হয় প্রচ্ছায়া। পৃথিবীর যে অঞ্চল দিয়ে এই প্রচ্ছায়া অতিক্রম করে, কেবল সেখানকার মানুষই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে পান।
এবার সবচেয়ে দীর্ঘ সময় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে আইসল্যান্ডের পশ্চিমে উত্তর আটলান্টিক মহাসাগরের ওপর। স্থানীয় সময় বিকেল ৫টা ৪৮ মিনিটে (গ্রিনিচ মান সময় ১৫টা ৪৮) আইসল্যান্ডের রাজধানী রিকজাভিক থেকেও পূর্ণগ্রাস গ্রহণ স্পষ্ট দেখা যাওয়ার কথা রয়েছে।
অন্যদিকে স্পেনের উত্তরাঞ্চলের আ করুনিয়া ও বিলবাওসহ কয়েকটি এলাকায় সূর্যাস্তের ঠিক আগে পূর্ণগ্রাস গ্রহণ শুরু হবে। উত্তর-পশ্চিম স্পেনে স্থানীয় সময় রাত আনুমানিক ৮টা ২৮ মিনিটে (গ্রিনিচ মান সময় ১৮টা ২৮) এ দৃশ্য দেখা যেতে পারে।
তবে মাদ্রিদ ও বার্সেলোনাসহ ইউরোপের বেশির ভাগ অঞ্চলের বাসিন্দারা পূর্ণগ্রাস নয়, আংশিক সূর্যগ্রহণ দেখার সুযোগ পাবেন। বিরল এই মহাজাগতিক দৃশ্য ঘিরে পশ্চিম ইউরোপজুড়ে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।