শ্লীলতাহানি, মারধর, হুমকি ও যৌন হয়রানির অভিযোগে করা মামলায় চিত্রনায়িকা পরীমনির জেরা আবারও পিছিয়েছে। রোববার (৯ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এ মামলাটিতে জেরার দিন ধার্য থাকলেও নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত হতে না পারায় তা অনুষ্ঠিত হয়নি।

পরে বিচারক শাহাদাৎ হোসেন ভূঁইয়া পরবর্তী জেরার জন্য আগামী ৩০ নভেম্বর দিন ধার্য করেন। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী জানান, মামলার দুই আসামিও এদিন আদালতে উপস্থিত হয়ে পরে চলে যান। অপর এক আসামি সময়ের আবেদন করেন। এর আগে অসুস্থতা ও অন্যান্য কারণে কয়েক দফা মামলাটিতে পরীমনির জেরা অনুষ্ঠিত হয়নি।

মামলায় আসামি হিসেবে রয়েছেন নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। তারা বর্তমানে জামিনে রয়েছেন।