নাটোরের গুরুদাসপুরে গরুবাহী ভুটভুটি ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল এলাকার বাসিন্দা আব্দুর রহমান, আক্কাছ আলী ও তার বড় ভাই জাহাঙ্গীর আলম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গরু নিয়ে চান্দাইকোনা হাটে যাওয়ার পথে গরুবাহী ভুটভুটিটির সঙ্গে ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভুটভুটিতে থাকা এক গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় অন্যদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত তিনজনের অবস্থাও গুরুতর বলে জানা গেছে। তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের কাজ করছে পুলিশ।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।