নাটোরের উত্তরা গণভবনের সামনে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার পথসভাস্থল থেকে পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) বিকেল আনুমানিক ৪টা ৩৫ মিনিটে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম তানিম বলে জানা গেছে। তিনি নাটোর পৌরসভার কানাইখালী এলাকার শামসুল আলমের ছেলে বলে দাবি করেছেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আলম জানান, বিকেলে উত্তরা গণভবন পরিদর্শন শেষে গণভবনের গেটসংলগ্ন একটি পথসভা মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন মন্ত্রী আফরোজা খানম রিতা। এ সময় ওই যুবক মন্ত্রীর কাছাকাছি অবস্থান করছিলেন।

ওসি জানান, মন্ত্রী মঞ্চ থেকে নামার সময় ওই যুবকের সঙ্গে দুইবার ধাক্কা লাগে। বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। পরে তল্লাশি চালিয়ে তার কাছে একটি পিস্তল পাওয়া যায়। এরপর অস্ত্রসহ তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

তবে আটক যুবক দাবি করেছেন, পিস্তলটি তার বাবার নামে বৈধ লাইসেন্স করা এবং নিজের নিরাপত্তার জন্য তিনি এটি সঙ্গে রেখেছিলেন। তিনি নিজেকে একজন শিক্ষার্থী বলেও দাবি করেন।

এ সময় মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।