গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার (৮ আগস্ট) বিকেল ৫টার দিকে তিনি উপজেলার ভাঙনকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
এ উপলক্ষে সুন্দরগঞ্জ উপজেলার লালচামার বাজারে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে পথসভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় ইউনিয়নের শত শত বিএনপি নেতাকর্মী ফুলেল শুভেচ্ছার মাধ্যমে মন্ত্রীকে স্বাগত জানান।
পথসভায় উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি, উপজেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তারা, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা শরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা।
এ ছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুবদলের সদস্য সচিব আব্দুর রাজ্জাক ভুট্টু, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহম্মেদ, সদস্য সচিব মাহামুদুল ইসলাম প্রামাণিক এবং ১৫ নম্বর কাপাসিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম সরকারসহ স্থানীয় নেতাকর্মীরা।
পথসভায় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, বিএনপি সরকারের ভিশন ও মিশন অনুযায়ী গাইবান্ধার সব উপজেলায় উন্নয়ন কার্যক্রম ও সরকারের নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে। সুন্দরগঞ্জের এ অঞ্চলটি বন্যা ও নদীভাঙনপ্রবণ হওয়ায় এখানকার মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগের মধ্যে রয়েছেন। নদীভাঙন রোধে সরকারের জরুরি পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বিগত সরকারের সময়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যে অন্যায় ও জুলুম করা হয়েছে, তা শক্ত হাতে প্রতিহত করতে হবে। একই সঙ্গে জেলার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সরকারের পাশে থেকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
পরে মন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।