ধুনট উপজেলার কওমী মাদ্রাসাভিত্তিক আলেমদের সংগঠন ধুনট কওমী ওলামা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আলহাজ্ব মাওলানা কে এম সুলতান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে আগামী ২৬ অক্টোবর ২০২৬ তারিখে ধুনটে মহাসম্মেলন আয়োজনসহ একাধিক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, মহাসম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ঢাকার আল্লামা নোমান কাসেমী। দ্বিতীয় মেহমান হিসেবে থাকবেন মাওলানা আব্দুল বাসেত খান এবং তৃতীয় মেহমান হিসেবে একজন বিশিষ্ট আলেমকে দাওয়াত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন শায়খুল হাদিস আল্লামা ইয়াকুব নাযীব।

মহাসম্মেলন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গঠন করা হয়েছে ৪১ সদস্যবিশিষ্ট মাহফিল এন্তেজামিয়া কমিটি। কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন মুফতি খোরশেদ আলম, মাওলানা হাবিবুল্লাহ মাসুম, মাওলানা শফিকুল ইসলাম ও মাওলানা আবু বক্কর। সভাপতির দায়িত্ব পালন করবেন মাওলানা কে এম সুলতান মাহমুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে থাকবেন মাওলানা মাসুদুর রহমান সুমন। এছাড়া মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা আব্দুল কুদ্দুস, মুফতি এনামুল হকসহ আরও অনেক আলেম কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

এদিকে, ধুনট উপজেলায় মসজিদ-মাদ্রাসা নিয়ে চলমান অপপ্রচার প্রতিরোধ এবং প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা সমাধান করে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে গঠন করা হয়েছে ৮ সদস্যবিশিষ্ট একটি বিশেষ সেল। সভাপতি কে এম সুলতান মাহমুদের নেতৃত্বে এ সেলে রয়েছেন মুফতি হাবিবুল্লাহ মাসুম, মাওলানা মাসুদুর রহমান সুমন, মাওলানা আবু বক্কর, মাওলানা জুনাইদ আহমেদ, মাওলানা আব্দুল খালেক, মুফতি শাহাদাৎ হোসাইন, মাওলানা রবিউল ইসলাম রবি।

বৈঠকে মহাসম্মেলন সফল করতে ইউনিয়নভিত্তিক দায়িত্ব বণ্টন, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং উপজেলার মাদ্রাসা-মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন মহাসম্মেলনকে সর্বাত্মক সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।