রাজধানী ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় দৈনিক ‘দৈনিক ঘোষণা’র ৩২ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত দিনব্যাপী এ আয়োজনে ছিল প্রতিনিধি সম্মেলন, প্রশিক্ষণ কর্মশালা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের প্রথম পর্বে প্রতিনিধি সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ঘোষণার সম্পাদক ও প্রকাশক মো. সাহিদুর রহমান টেপা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পত্রিকার প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলাম। এ সময় পত্রিকার যুগ্ম সম্পাদক শেখ আলমগীর হোসেন বাবু ও সহকারী সম্পাদক ড. শরিফুল হক প্রিয়মসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দিনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন দৈনিক ঘোষণার প্রধান সম্পাদক নাজনীন সুলতানা। অনুষ্ঠানে পত্রিকার কর্মকর্তা, প্রতিনিধি, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পত্রিকার বিশেষ প্রতিবেদক মো. মঞ্জুর হোসেন ঈসা এবং সহ-সম্পাদক (বিনোদন) রাজু আহমেদ সুজন।
৩২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পত্রিকাটির দীর্ঘ পথচলা, সাংবাদিকতার নানা দিক এবং প্রতিনিধিদের পেশাগত দক্ষতা উন্নয়নের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনটি হয়ে ওঠে আরও উৎসবমুখর।
আয়োজকরা জানান, দীর্ঘ ৩২ বছরের পথচলায় পাঠক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা দৈনিক ঘোষণাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে। ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটির অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।